Advertisement

অসংক্রামক রোগের সচেতনতা বাড়াতে কক্সবাজার সদরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বার্তা পরিবেশক:: " ডায়াবেটিস থামুক, জীবন এগোক"-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কক্সবাজার সদর উপজেলায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনটি শুরু হয় সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে, যা সদর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্বল্পমূল্যে ডায়াবেটিস,রক্তচাপ ও চক্ষু পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. টিটো চন্দ্র শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি কক্সবাজার জেলার এরিয়া ম্যানেজার মো: শাহ্ আলম ভূঁইয়া এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক কর্মসূচি সংগঠক (স্বাস্থ্য) মো সাখাওয়াত হোছাইন শারেক,
আলোচনা সভায় বক্তারা দেহের যত্ন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। ডা. টিটো চন্দ্র শীল বলেন,ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দুটোই আমাদের নিজের হাতে। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা—এসবই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। অনেক সময় ডায়াবেটিস কোনো উপসর্গ ছাড়াই শরীরে অগ্রসর হয়, তাই সচেতনতা জরুরি। সঠিক সময়ে পদক্ষেপ নিলে ডায়াবেটিসের ভয়াবহ জটিলতা যেমন কিডনি, চোখ বা হৃদরোগ—সবই প্রতিরোধ করা সম্ভব। ” এছাড়া ব্র্যাকের এই ধরনের নানান স্বাস্থ্য সম্পর্কিত ও সামাজিক কার্যক্রমের জন্য ভূয়সী প্রশংসা করেন। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. শাহ্ আলম ভূঁইয়া বলেন,অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল ও ক্যানসার—নীরবে ছড়িয়ে পড়ছে এবং আমাদের পরিবারের সামনে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য, যদি আমরা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমকে জীবনের অংশ করতে পারি। চিনি, অতিরিক্ত তেল ও প্রক্রিয়াজাত খাবার কমানো এবং প্রতিদিন ৩০ মিনিট হাঁটা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। মানুষ যত সচেতন হবে, অসংক্রামক রোগের ক্ষতি তত কমবে। “আমরা ৩৫ বছর বা তদূর্ধ্ব বয়সী মানুষের জীবনমান উন্নয়নের জন্য স্ক্রিনিং পরিচালনা করছি, যেখানে অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রতিষ্ঠানে রেফার করা হয়।” দিবসটি উপলক্ষে স্বল্পমূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরিক্ষা, পরামর্শ ও *স্বল্পমূল্যে* চশমা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এই সেবায় অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments