ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদান করতে নাইজারে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের নাইজার সফর বাতিল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তার করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়। তবে পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোন লক্ষণ ছিল না। চিকিৎসকের পরামর্শ মেনে আব্দুল মোমেন বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসির সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


0 Comments